নারায়ণগঞ্জের রূপগঞ্জে অলসতা ছেড়ে কাজ করে ভরন পোষন চালানোর কথা বলায় কোদাল দিয়ে ফাতেমা বেগম নামে এক গৃহবধুর মাথায় কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী। এ করেই সে ক্ষান্ত হয়নি, স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে লাঠিপেটা করে থেতলে দেয় সে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝিনা নদীর পাড় এলাকায় ঘটে এ পৈশাচিক নির্যাতনের ঘটনা। গৃহবধু ফাতেমা বেগম কুমিল্লা জেলার বড়ুরা থানার শ্রীপুর এলাকার শাহেব আলীর মেয়ে।
গৃহবধু ফাতেমা জানান, ১১ বছর আগে তার সঙ্গে মাঝিনা নদীর পাড় এলাকার মৃত সোনুল্লার ছেলে ফালাইন্না মিয়ার বিয়ে হয়। তাদের দুই ছেলেমেয়ে। বেশ কয়েক মাস ধরেই স্বামী ফালাইন্না কোন কাজকর্ম করে না। ফলে খেয়ে না খেয়ে কোনরকমে তাদের সংসার চলছে। গতকাল দুপুরে কাজ করে ভরনপোষন চালানোর কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে ফালাইন্না। এক পর্যায়ে ঘরে থাকা কোদাল দিয়ে ফাতেমার মাথায় কুপিয়ে জখম করে সে। এরপর স্ত্রীকে লাঠিপেটা করে সে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
