গত শনিবার মধ্যরাতে শেষ হলো মন্ট্রিয়লের সবচেয়ে বৃহৎ উৎসব আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যাল। দীর্ঘ দশদিনব্যাপী ৩৮তম জ্যাজের শেষ দিন উইক এন্ডে আবহাওয়া খুবই ভালো থাকায় জ্যাজ ফেস্টিভ্যালে মন্ট্রিয়লের প্লাস দ্যা আর্টসের মঞ্চগুলো ছিলো সঙ্গীত পিপাসু লাখো মানুষের আনন্দ উচ্ছ্বাস।
গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই বিশাল ফেস্টিভ্যালটি চলেছে শনিবার মধ্যরাত পর্যন্ত। প্রায় ছয় শতাধিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে উৎসব স্থলের ২০টি বিশাল বিশাল মঞ্চে। নামি-দামি খ্যাতিনামা শিল্পীদের শোগুলো বাইরে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ইনডোরের বিশাল হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিল্পীর সঙ্গীতানুষ্ঠান।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪৬১ নামকরা ব্যান্ড দলের শিল্পীরা উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করেছেন ঠিক তেমনি বিভিন্ন দেশ ও শহর থেকে হাজার হাজার সঙ্গীত অনুরাগীরা উপস্থিত হয়ে সঙ্গীতের তালে তালে নেচেছেন, সঙ্গীত আর যন্ত্রের যাদুকরী স্পর্শে মুগ্ধ হয়েছেন শ্রোতাদর্শকরা।
এ বছর প্রতিদিনই মানুষের ঢল নেমেছে উৎসবে, বিশেষ করে ১ জুলাই কানাডার ১৫০তম শুভ জন্মদিন উপলক্ষে উৎসব এলাকা রঙিন সাজে সাজানো হয়েছিলো। কানাডার আদিবাসীদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ আদিবাসী নৃত্য ও কর্নসাটের আয়োজন করা হয়।
মন্ট্রিয়লে থেকে সিবিএনএ আরো জানায়, ৩৮তম জ্যাজ ফেস্টিভ্যালে ৮টি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। ২০০৬ সালে ২৭তম জ্যাজ ফেস্টিভ্যাল থেকে এই অ্যাওয়ার্ড দেয়া শুরু হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালে এই সংগীত উৎসব শুরু হয়। বিশ্বের সবচেয়ে বড় সংগীত উৎসব হিসেবে গিনিজ বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।
ইত্তেফাক/এমআর
