বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিত্সা সেবা, মামলা ও তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে ঢাকাস্থ ২১ টি দেশের কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টার বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি, উপজেলা নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি,মামলা-গ্রেফতারসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন নেতারা।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন,ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, মিশর, জাপান, কানাডা, স্পেন, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, নরওয়ে, প্যালেষ্টাইন, ইন্দোনেশিয়া, মরক্কো, সুইজারল্যান্ডসহ ২১টি দেশের কূটনীতিক অংশ নেন। এছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ও কয়েকটি দাতা সংস্থার কূটনীতিকরা।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, ব্যারিস্টার মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।
