দুই বাসের মধ্যে চাপা পড়ে চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১১:০৩
 
রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে বিদ্যুৎ মজুমদার (৫৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর জন্য দুই বাস পাল্লা দিয়ে আগে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানতে পেরেছে। ঘটনার পরপরই বাস দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে  বলে জানিয়েছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
 
ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুটি বাসের চালকদের বাড়াবাড়ির কারণেই ওই চিকিত্সকের মর্মান্তিক মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
 
ঘটনার পর রাস্তায় পড়ে ছিলেন চিকিৎসক বিদ্যুৎ মজুমদার। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেন শেখ আব্দুল আহাদ ও রিয়াজ নামে দুজন পথচারী। পুলিশের গাড়িতে করেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে