ফ্যাব ল্যাব হচ্ছে তরুণ প্রজন্মের উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তাচেতনা বৃদ্ধির প্লাটফর্ম : ইউজিসি চেয়ারম্যান

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:৩০
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ফ্যাব ল্যাব হচ্ছে তরুণ প্রজম্মের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাচেতনা বৃদ্ধির প্লাটফর্ম।
 
দেশের যুবশক্তির কাছ থেকে ব্যাপক পরিমাণে উদ্ভাবনী শক্তির প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাব ল্যাব নেটওর্য়াকিং বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের নতুন প্রজন্মকে উদ্ভাবনী ও সৃজনশীল ধারণায় উদ্বুদ্ধ করবে।
 
প্রফেসর মান্নান আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্প প্রতিষ্ঠানসমুহ এ ল্যাব ব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে।
 
প্রফেসর আবদুল মান্নান মঙ্গলবার ইউজিসি মিলনায়তনে ‘স্টিমুলেট দি ইনোভেশন ইউজিং দি ফ্যাব ল্যাব নেটওয়ার্ক’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। 
 
প্রফেসর আবদুল মান্নান আরো বলেন, শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র শ্রেণি কক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছে। দেশের ৯টি পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ৩৪ জন সাব-প্রজেক্ট ম্যানেজার এবং টিম মেম্বর কর্মশালায় অংশগ্রহণ করছে। বাসস।
 
ইত্তেফাক/রেজা