প্রবল বন্যায় ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন লাউহাটী সড়কের গাছ কুমুল্লী অংশ।
মঙ্গলবার সরজমিন ঘুরে দেখা যায় সড়কটির প্রায় দুইশ ফুট ব্যাপক ঝুঁকিপূর্ণ। ধলেশ্বরী নদী সংলগ্ন হওয়ায় প্রবলা স্রোত ও ঢেউয়ের কারণে অধিকাংশ স্থান ভেঙে নদীগর্ভে চলে গেছে। দ্রুত মেরামত না করা হলে বাকী অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসীর দাবি সড়কটি ভেঙে গেলে পাশে বিলের সাথে মিশে যাবে। ফলে এলাসিন, ফাজিলহাটী ও লাউহাটী ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হবে। এ ছাড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে সড়কটি সংযুক্ত হওয়ায় টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জনগণ এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে।
গাছ কুমুল্লী গ্রামের আহসান দেওয়ান বলেন, গত বছরও একই জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। সরকার থেকে বরাদ্দ দেওয়া হলেও ভালভাবে কাজ করা হয়নি। শুষ্ক মৌসুমে রাস্তাটি সংস্কারের কথা থাকলেও তাও করা হয়নি। ফলে যে কোন সময় রাস্তাটির ঐ অংশ নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে।
এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যতদ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হবে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির বলেন, গত সোমবার আমি রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
