ইংল্যান্ডের এসেক্স কাউন্টিতে খেলতে গিয়ে তামিম ইকবাল মাত্র একটি ম্যাচ খেলে ফিরে আসার সিদ্ধান্তের পরে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় তামিম সেখানে বিদ্বেষপ্রসূত আক্রমণের শিকার হয়েছিলেন। তবে বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে তামিম এই খবর সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন।
এসেক্সে এক মাসের জন্য খেলতে যাওয়া ওপেনার তামিম মাত্র একটি ম্যাচ খেলেন। কেন্টের বিপক্ষে একমাত্র ম্যাচে ৭ রান করার পরে বুধবার হঠাৎ করেই শোনা যায় তামিম ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছেন। এসেক্সের ওয়েবসাইটেও একই কথা বলা হয়।
তবে দেশীয় কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এসেক্সে বিদ্বেষপ্রসূত আক্রমণের শিকার হয়েছেন তামিম। তবে তামিমের টুইটার ও ফেসবুক পেজে শোনা গেল এসেক্সের বিবৃতিরই প্রতিধ্বনি। ফেসবুকে দেয়া পোস্টে তামিম বলেন, আমি আমার ভক্ত ও শুভনাধ্যায়ীদের জানাতে চাই, আমি ব্যক্তিগত কারণে এসেক্স মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছি। কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে আমাদের উপর বিদ্বেষপ্রসূত আক্রমণ হয়েছে। এটা প্রকৃত সত্য নয়।
ইংল্যান্ডকে নিজের অন্যতম প্রিয় খেলার জায়গা উল্লেখ করে তামিম বলেন, এসেক্স থেকে আমার সময়ের আগে চলে আসতে হওয়ার পরেও তারা পুরো ব্যাপারটি সৌজন্যের মনোভঙ্গিতে দেখেছে। আমার জন্য চিন্তা ও বার্তার জন্য সমর্থক ও শুভনাধ্যায়ীদের ধন্যবাদ জানাতে চাই এবং ভবিষ্যত ইংল্যান্ডে খেলতে যাওয়ার জন্য অপেক্ষা করবো।
ইত্তেফাক/সাব্বির
