ঢাকায় হয়ে গেলো প্রথম ইউনেস্কো আরডিটিসি জাতীয় সম্মেলন

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:২৩
 
রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বৃহস্পতিবার হয়ে গেলো জাতিসংঘের বিজ্ঞান ও শিক্ষাবিষয়ক সহযোগিতামূলক অঙ্গসংস্থা ইউনেস্কো'র রিসোর্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রেনিং সেন্টার বিষয়ক জাতীয় সম্মেলন।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা বিশেষজ্ঞ সান লি।
 
সম্মেলনের সভাপতিত্ব করেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক কানিজ সৈয়দা বেন্তে সাবাহ্। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের ইউনেস্কো কর্তৃক প্রকাশিত টুল কিট তথা মুক্ত সফটওয়ারের সংগ্রহশালার সাথে পরিচয় করানো হয়। এসব সফটওয়ারগুলো কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
 
উল্লেখ্য, পৃথিবীর ১৩টি দেশের ২১টি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইউনেস্কোর রিসোর্স সরবরাহ ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ তার মধ্যে অন্যতম। এসব প্রতিষ্ঠানকে নিয়ে বিশ্বব্যাপী শিক্ষকদের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করে যাচ্ছে ইউনেস্কো। সম্মেলনে শিক্ষা বিষয়ক বিভিন্ন দফতর, প্রশিক্ষণ মহাবিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ।
 
ইত্তেফাক/জামান