ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেট কারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানীসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টায় দিকে রোকেয়া হলের সামনে প্রাইভেট কারটি সানীর বাইকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
শাহবাগ থানা পুলিশ গাড়িটি চালকসহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, কারটিতে থাকা চারজন পালিয়ে যায়। গাড়ির মধ্যে কয়েকটি বিয়ারের বোতল ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। গাড়িটি ছিনতাই কাজে ব্যবহৃত হয় বলে পুলিশ ধারণা করছে।
সানীর বাইকের পেছনে একজন নারী ভ্যানিটি ব্যাগসহ বসেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগটি নিতেই কারটি বাইকে ধাক্কা দেয়।
আহত সানী বলেন, তিনি মোটর সাইকেলে রোকেয়া হলের সামনে এলে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি সিটকে পড়েন। তার সঙ্গে থাকা যাত্রীটিও বাইক থেকে পড়ে যান।
এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করবেন হবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা জোনের এসি রবিন জানান, ‘ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা সানীকে ধাক্কা দেয় বলে ধারণা হচ্ছে। এই ঘটনায় তদন্ত করে ছিনতাইকারীদের ধরা হবে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এম আমজাদ আলী জানান, এই ঘটনায় কারটি থানায় দেয়া হয়েছে। গাড়ির মালিককে খুঁজে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই ঘটনায় গাড়ির মালিকের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান উজ্জ্বল মীমাংসা করার জন্য আসেন। যে কোনো ঝামেলায় তিনি মীমাংসা করতে আসেন বলে ছাত্রলীগ সূত্র জানায়।
ইত্তেফাক/নূহু
