পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়নের বিষয়ে প্রণীত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২৫ এপ্রিল ২০১৭ এ নীতিমালা প্রণয়ন করে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির এক সভায় এ নীতিমালা প্রত্যাখানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার পর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণীত নীতিমালায় সনাতন পদ্ধতির মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শ্রেণীতে পাশ করা ব্যক্তিদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের কোন সুযোগ রাখা হয়নি। আবার শূন্য পদে নিয়োগের চেয়ে পদোন্নয়নের প্রতি ক্ষেত্রে ১টি করে অধিক প্রকাশনা এবং ১ বছর করে বেশি চাওয়া হয়েছে। পোস্ট ডক্টোরাল ডিগ্রির কোন ব্যবহারিক সুবিধা রাখা হয়নি। যাদের পক্ষে ইমপ্যাক্ট জার্নালে আর্টিকেল প্রকাশের কোনো সুযোগ নেই তাদেরও পদোন্নতিতে ইমপ্যাক্ট জার্নাল বাধ্যতামূলক করা হয়েছে। এ রকম অসংখ্য অসংগতি থাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ নীতিমালা প্রত্যাখান করেছে বলে জানা যায়।
প্রত্যাখ্যান করার বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি এবং নীতিমালা প্রণয়ন কমিটি বরাবর লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
