বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় রতন আকন্দ (২৮) নামে তিন মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। রতন আকন্দ ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের আকরাম হোসেনের ছেলে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের শাহ জামালের মেয়ে সীমা খাতুনকে বিয়ে করেন রতন আকন্দ। বিয়ের পর বনিবনা না হওয়ায় সীমা খাতুন তার স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে এ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক করেও সমঝোতা হয়নি। ফলে ২০১৫ সালের ৫মে বগুড়া জেলা নারী ও শিশু আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সীমা খাতুন।
ওই মামলায় ২০১৬ সালের ২৫ নভেম্বর আসামি রতন আকন্দের বিরুদ্ধে তিন মাসের সাজার আদেশ দেন বিচারক। আদালতের রায় ঘোষণার পর পলাতক ছিলেন রতন আকন্দ। শনিবার রাতে রতন আকন্দ বাড়ি ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে
