ফারুক নওয়াজ
আগুন আগুন মরার আগুন লাগছে—, নাকি দিচ্ছে?...
কষ্ট লাগে শুনতে এমন জীবন নাশের কিচ্ছে!
স্বাধীন দেশে আগুন কেন...? কে দেবে এর উত্তর?
নিত্য আগুন দিচ্ছে কে সেই খলনায়কের পুত্তর!
মরার আগুন, শোকের আগুন...হায় রে ঘাতক অগ্নি—
বোন হারিয়ে ভাই কাঁদে, আর ভাই হারিয়ে ভগ্নি।
আগুনপোড়া বুকের মানিক কলজে পুড়ে ভস্ম—
মায়ের বুকে চাপিয়ে দিল পাহাড় সমান অশ্ম!
বাবার মুখে বন্ধ কথন পড়ল মাথায় বজ্জ—
এমন শোকের ভার কিছুতেই যায় না করা সহ্য!
গড়ছে কারা মরার প্রাসাদ—আকাশছোঁয়া দত্যি—
উঠলে পরে যায় না নামা—বিপদ-আপদ ভত্তি।
নিয়ম-নীতির ধার না ধারে, রাজউক বসে ঢুলছে—
মানুষ মারার টাকার তোড়ে হারামগুলো ফুলছে।
হারাম-হারাম তস্যি হারাম, পাঁড়হারামের বংশ—
আঙুল ফুলে হচ্ছে কলা, করছে জীবন ধ্বংস!
লক্ষতিরিশ জীবন গিয়ে স্বাধীন হলো দেশটা;
তবুও কারা দেশ বিনাশের করছে অপচেষ্টা।
আগুন আগুন মরার আগুন—লাগছে..., নাকি দিচ্ছে—
আর কতদিন শুনতে হবে এমন শোকের কিচ্ছে!
