তারিফ সৈয়দ
দেশে বর্তমানে যে কটি রিয়েলিটি শো চলছে তার বেশিরভাগই কখন শুরু হয় বা শেষ হয় বোঝা মুশকিল। কারণ এ সমস্ত আড়ম্বরপূর্ণ রিয়েলিটি শো এখন আর আগের মতো আলোচনায় আসে না। দীর্ঘদিন ধরেই রিয়েলিটি শো থেকে উঠে আসা তারকারাও হারিয়ে যাচ্ছে তাই নানা স্রোতে। এর কারণ হিসেবে অনেকেই বলছেন সঠিকভাবে বাছ-বিচার হচ্ছে না।
অন্তর শোবিজের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দুটি আসরে আলোচনা-সমালোচনা হয়েছে সমানতালে। কিন্তু ব্যক্তি সাফল্যের কারণেই সর্বশেষ আসরে বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশীকে আয়োজকরা তাদের সেরা সাফল্যের পোস্টার হিসেবে বিবেচনা করতেই পারে এখন। নিজের শ্রম, মেধা ও যোগ্যতায় শোবিজে খুব অল্প সময়ে দারুণ এক অবস্থান তৈরি করেছেন ঐশী। যা এর আগের একাধিক সমপর্যায়ের রিয়েলিটি তারকাদের ক্ষেত্রে ঈর্ষার কারণ হতে পারে।
টিভিসি, বিভিন্ন প্রডাক্ট শুটসহ সর্বশেষ ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে চিত্রনায়ক আরেফিন শুভর বিপরীতে কাস্ট হওয়ায় ঐশীকে নিয়েই আলোচনা সবখানে। ঐশী বলেন, ‘আমি আমার শ্রম ও মেধা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ভালো কাজের ইচ্ছে তাগিদ থাকলে সবই সম্ভব। তবে আমি খুব লাকি কিছু গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।’ এর মধ্যে এক ইন্টারভিউয়ে বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী বলেছেন, ‘দেশের সমস্ত রিয়েলিটি শো বন্ধ করে দেওয়া উচিত।’ রিয়েলিটি শোর নামে দর্শকদের কাছে প্রডাক্টের বাণিজ্যই যখন মুখ্য, সেই প্রেক্ষিতেই বাস্তবতার নিরিখে সুবীর নন্দীর মতো বরেণ্য শিল্পী এই কথা বলেছেন।
তাই ইন্ডাস্ট্রিতে এখন বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্লাটফর্মে প্রতিযোগীদের নিয়ে শুধু রিয়েলিটি শো তৈরিই নয়। বরং প্রকৃত মেধার মূল্যায়ন ও তাকে সঠিক প্লাটফর্ম দেওয়াটা জরুরি। এর প্রমাণ এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শো থেকেও প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, এদেশের রিয়েলিটি শোতে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েও কজন প্রতিযোগী পরবর্তীতে ভারতীয় চ্যানেলের রিয়েলিটি শোতে নিজের যোগ্য বিচার পেয়ে তারা নিজেদের সফল হিসেবে প্রমাণ করেছেন।’
তাই রিয়েলিটি শোতে শুধু বাণিজ্যিক দিক দেখলে তা যেমন সৃজনশীলতার উত্কর্ষ হারায়। তেমনি প্রতিযোগীকেও নিজ উদ্যমে পুরস্কৃত হওয়ার পর নিজেকে প্রমাণ করতে হয়। কারণ মুকুট বিজয়ের পরই মূলত সে তারকা হয়ে ওঠে না। বরং তারকা হওয়ার সোপান তার সেদিন থেকে শুরু হয়। এই বিষয়টি অনেকেই বোঝেন না বলেই নিজের অবস্থান থেকে বিচ্যুত হয়ে পড়েন। ব্যতিক্রম উদাহরণ হয়ে ওঠে তাই জান্নাতুল ফেরদৌস ঐশীরা।
