বিনোদন রিপোর্ট
আবারো ঢাকাই সিনেমায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘ভুবন মাঝি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। এবার সরকারি অনুদানের সিনেমা ‘আজব কারখান’র মধ্য দিয়ে ‘রকস্টার’ চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমটি পরিচালনা করছেন শবনম ফেরদৌসী।
চলচ্চিত্রটিতে পরমব্রত ছাড়াও কেন্দ্রিয় দুটি চরিত্রে অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল।
বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আজব কারখানা’। গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ন চলছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘আজব কারখানা আমার একটা দেখা অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা থেকে আমি সবসময় একটা ব্যাপার অন্বেষণ করেছি, সেটা হলো, কে আসলে শিল্পী। প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা। সে অন্বেষণের গল্পই আজব কারখানা।’
চলচ্চিত্রটিতে একজন ‘রকস্টার’-এর চরিত্রে পরমব্রতর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পরমব্রত বুঝতেই দেয় না যে ও একজন বড়মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমত্কার। দিনে দিনে ও যে আমার রকস্টারটা হয়ে উঠছে এটাই আমার জন্য আনন্দের। চরিত্রটির ভেতর ও প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি, দর্শকের কাছেও তা ভালো লাগবে।’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামিয়া জামান।
চলচ্চিত্রটিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীতশিল্পীরা নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন।
