স্টার সিনেপ্লেক্সে ‘শাজাম’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৪

বিনোদন রিপোর্ট

‘অ্যাকুয়াম্যান’-এর পর ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘শাজাম’। অ্যাকুয়াম্যানের বক্স অফিস সাফল্যের পর দর্শক ‘শাজাম’ নিয়েও বেশ আগ্রহী। গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত ছবিটি। এরইমধ্যে অভিনেতা জ্যাকারি লেভি প্রকাশিত ট্রেলার ও টিজারের মাধ্যমে অনেকের মন জয় করেছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সও নিশ্চিত করেছে  আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ছবিটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। ১২ বছরের এতিম ছেলে বিলি ব্যাটসন। ছোটবেলায় সে বিভিন্ন প্রতিপালক বাবা-মায়ের কাছে বড় হতে থাকে। কিন্তু বেশিরভাগ পরিবারেই সে বেশিদিন টিকতে পারে না। অনেকগুলো পরিবারে ঘোরাঘুরি করার পর অবশেষে একটি পরিবারে এসে থিতু হয়। একদিন ঘটনাক্রমে সে একটি সাবওয়ে ট্রেনের সামনে হাজির হয়। এই ট্রেন তাকে এক পরাবাস্তব জাদুকরী জগতে নিয়ে যায়। এই জগতের নাম রক অব এটারনিটি। এখানে তার দেখা হয় উইজার্ড শাজামের সঙ্গে। বিলি ব্যাটসনের অন্তরের কোমলতা ও অত্যাচারীদের প্রতিহত করার প্রবল ইচ্ছা জাদুকরকে মুগ্ধ করে। সে তাকে নিজের শক্তি দান করে এবং বলে যে, ‘শাজাম’ শব্দটি উচ্চারণ করলে সে এক অসাধারণ কিছুতে পরিণত হবে। সামান্য এক বালক যখন ছয় ফুটের বেশি উচ্চতার এক বিশালদেহী মানুষের শরীরে আটকা পড়ে যায়, তখন ব্যাপারটি আসলেই কৌতূহল সৃষ্টি করে।