ফাইভজি চিপ উত্পাদনে জোর দিচ্ছে স্যামসাং

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৭

মাহবুব শরীফ

 

সম্প্রতি ফাইভজি’র ফাইভজি প্রযুক্তি চালু করেছে দক্ষিণ কোরিয়া। এই কার্যক্রমটি আনুষ্ঠানিক রূপ দিয়েছে দেশটির টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এসকে টেলিকম। এটিই বিশ্বের প্রথম ফাইভজি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা। স্যামসাংয়ের সদ্য বাজারজাত করা হ্যান্ডসেট এসটেন-এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফাইভজির বিভিন্ন সুবিধা উপভোগ করেন।

এরই ধারাবাহিকতায় ইলেকট্রনিক পণ্য নির্মাতা  কোম্পানি স্যামসাং ফাইভজি প্রযুক্তির চিপ সেট উত্পাদনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্পাদনে যাওয়া ৫জি চিপসেটের মধ্যে রয়েছে ‘এক্সিনস মডেম ৫১১০০’, নতুন সিঙ্গল-চিপ রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সরিসিভার ‘এক্সিনস আরএফ ৫৫০০’ এবং সাপ্লাই মডিউলেটর সলিউশন ‘এক্সিনস এসএম ৫৮০০’, যা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ৫জি যুগের দ্রুতগতির নেটওয়ার্ক কমিউনিকেশন সমর্থন দেবে।

এ বিষয়ে স্যামসাংয়ের সিস্টেম এলএসআই বিজনেস বিভাগের প্রেসিডেন্ট ইনাপ ক্যাং বলেন,‘বাজারে শক্তিশালী অবস্থা ধরে রাখতে এবং স্যামসাং মোবাইল কমিউনিকেশন প্রযুক্তির একটি উদ্ভাবক হিসেবে নেতৃত্ব দিতে ৫জি নেটওয়ার্কে অবদান রাখতে চায় স্যামসাং।’

আগামী ৫ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে আসবে গ্যালাক্সি এস ১০-এর ৫জি সংস্করণ। এটিতেই ব্যবহার করা হবে ফাইভজি প্রযুক্তির চিপ সেট।

স্যামসাং প্রেসিডেন্ট এবং আইটি অ্যান্ড মোবাইল কমিউনিকেশনস বিভাগের প্রধান ডিজে কো বলেন, ‘আমাদের প্রথম ৫জি স্মার্টফোন বাজারে আনতে আমরা যা অর্জন করেছি সেই কাজের জন্য আমরা গর্বিত এবং সামনের বছরগুলোতে বিশ্বের সব দেশের গ্রাহকের জন্য এটি আনতে কাজ করে যাচ্ছি।’

উল্লেখ্য, ডিসেম্বর থেকেই দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিকভাবে চালু হয়েছে ৫জি নেটওয়ার্ক। এক্ষেত্রে দেশটির সব মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ৫জি নেটওয়ার্ক কোর এবং রেডিও সলিউশনস ব্যবহার করছে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ।