রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৪০
 
রাজধানীতে একটি বহুতল ভবনের সিঁড়ির ফাঁক দিয়ে  নিচে পড়ে গিয়ে আরিফুল ইসলাম (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ডেমারার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
আরিফুলের বাবা মোস্তাক আলী বলেন, পার্শ্ববর্তী মফিজউল্লাহ মিয়ার পাঁচতলার বাসায় সমবয়সীদের সঙ্গে খেলতে যায় আরিফুল। খেলার সময় ওই ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে  নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩ টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। 
 
মৃত আরিফুলের গ্রামের কুমিল্লা জেলার তিতাস উপজেলার রায়পুর। সে তার পরিবারের সঙ্গে সারুলিয়া বাহিরটেংরা এলাকায় থাকতো। স্থানীয় একটি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল আরিফুল। আরিফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে