রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে আকাশ হোসেন ওরফে জুবায়েরের (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পোস্টাল অ্যাকাডেমির পুকুরে এই ঘটনা ঘটে।
মৃত জুবায়ের নগরীর মথুরাডাঙা মহল্লার মাহমুদ সোহেলের ছেলে ও পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবুরি দল জুবায়েরের লাশ উদ্ধার করেন।
ডুবুরি দলের অধিনায়ক নুরুন্নবী বলেন, 'দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল জুবায়ের। এরপর সে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হলে তাদের খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে পুকুরের তলদেশ থেকে জুবায়েরকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।'
নগরীর শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, 'ঘটনা তিনি শুনেছেন। হাসপাতাল থেকে কাগজপত্র থানায় পাঠানোর পর তিনি আইনগত প্রক্রিয়া শেষ করবেন।'
ইত্তেফাক/জামান
