টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের পিচের মাথা এলাকা থেকে বখাটে জুলহাস খানকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার হাবিবুর রহমান খানের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর বাবা নারী ও শিশু নিরোধ আইনে সখীপুর থানায় মামলা রুজু করেন।
মামলা সূত্র ও পুলিশ জানায়, সখীপুরের স্থানীয় একটি কলেজের ছাত্রীকে (১৬) পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান খানের বখে যাওয়া ছেলে জুলহাস খান কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী এ প্রতিবেদককে বলেন, এ বিষয়টি তার অভিভাবক ছাড়াও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখীকে মৌখিকভাবে জানিয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বখাটের শাস্তির দাবিতে মামলা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম জানান, মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
