কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। অভিযানে ৯টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে কুমিল্লা সিটি করপোরেশন বৃহস্পতিবার দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল অ্যাভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ৯টি বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধসহ সিলগালা করে দেওয়া হয়। এসময় অভিযুক্ত ভবন মালিকদের ১৫ দিনের মধ্যে জবাব দাখিলের জন্য নোটিস প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়। অভিযানে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা অংশ নেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, অভিযোগ আছে নগরীর ৯০ শতাংশ ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাই নগরীর সকল ওয়ার্ড এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান চলবে।
