সিডিএ চেয়ারম্যান হচ্ছেন জহিরুল আলম দোভাষ!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম জহিরুল আলম দোভাষ। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও জহিরুল আলম দোভাষ জানিয়েছেন, নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি হাতে পাননি।

জহিরুল আলম দোভাষ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের বড় ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড থেকে পর পর চারবার (১৯৯৪-২০১৫) চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর থাকাকালীন তিনি চসিকের প্রতিনিধি হিসেবে সিডিএর বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ পান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। এরপর ২০১১ সালের ২৬ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দুই বছর, ২০১৩ সালের ১৯ মার্চ তৃৃতীয় মেয়াদে এক বছর, ২০১৪ সালের ২২ এপ্রিল চতুর্থ মেয়াদে এক বছর, ২০১৫ সালের ১৬ এপ্রিল পঞ্চম মেয়াদে দুই বছর এবং ২০১৭ সালের ২৩ এপ্রিল ষষ্ঠ মেয়াদে দুই বছরসহ ছয় দফায় ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে তিনি বেশ কয়েকটি বড় প্রকল্প নিয়ে আলোচনায় আসেন।