বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার ইলাহি হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নোবেল শেখ, হাসান ও সাইদুল নামের তিন নেতা আহত হয়েছেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের এক পর্যায়ে শহীদ মুখতার ইলাহি হলের নিচ তলার প্রায় ১০টি কক্ষে ভাঙচুর চালায় ছাত্রলীগ কর্মীরা।
জানা যায়, শহীদ মুখতার ইলাহি হলের সিট দখলকে কেন্দ্র করে সভাপতি তুষার কিবরিয়ার অনুসারী শশী নামের এক নেতা সাধারণ সম্পাদক নোবেল শেখের এক কর্মীকে মারধর করে। বিষয়টি মীমাংসা করতে গেলে সভাপতির কর্মীরা সাধারণ সম্পাদক নোবেল শেখ ও তার সাথে থাকা দুই নেতা সাইদুল ও হাসানকে মারপিট করে। এতে সাধারণ সম্পাদক নোবেল শেখের মাথা ফেটে যায়।
বিষয়টি জানাজানি হলে সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারী নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে তারা দেশীয় অস্ত্রসহ শহীদ মুখতার ইলাহি হলে প্রবেশ করতে চেষ্টা করে। এসময় হলের গেটে লাগানো তালা ভাঙ্গার চেষ্টা করে ছাত্রলীগ নেতারা। হলে প্রবেশ করতে না পেরে বাহির থেকে প্রায় ১০টি রুমে ভাঙচুর চালায় তারা। এসময় সভাপতির নেতাকর্মীরা হলের ভিতরেই অবস্থান করছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট আপেল মাহমুদ জানান, 'সিট দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসন ও প্রভোস্ট বোর্ডের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।'
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি তুষার কিবরিয়া জানান, হলের সিট নিয়ে মূলত উচ্চ বাচ্য বিনিময় হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে সাধারণ সম্পাদক সহ তিনজন আহত হন।
ইত্তেফাক/জামান
