চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্যাট্রন হচ্ছেন লরা বুশ

আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:৪৭
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) প্যাট্রন হিসেবে যোগ দিচ্ছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ। বুধবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস রিলিজে এই কথা জানানো হয়েছে।
 
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কাউন্সিল অব প্যাট্রনসের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
নারীদের প্রকৃত শিক্ষা ও নেতৃত্ব অনুপ্রানিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এইউডব্লিউ থেকে এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৫টি দেশের ৫৫০ জন নারী গ্র্যাজুয়েট হয়েছে। লরা বুশের প্যাট্রন হিসেবে যোগ দেয়ার কথা ঘোষণা দিয়ে এইউডব্লিউ-র উপাচার্য চেরি ব্লেয়ার বলেছেন, লরা বুশ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করা ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। নারীদের সমর্থনে তিনি সহানুভূতি নিয়ে কাজ করেছেন এবং গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। লরা বুশ একটি মহৎ আত্মার উদাহরণ।
 
এইউডব্লিউ-র প্যাট্রনের ভূমিকা গ্রহণ করে সাবেক ফার্স্ট লেডি বলেন, একটি দেশের সমাজের সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দেশের স্থিতিশীলতার উন্নতি করে। এইউডব্লিউ মনে করে নারী শিক্ষায় বিনিয়োগটা সম্পূর্ণ লাভজনক, নারীদের শিক্ষিত করতে পারলে পৃথিবীটাই পাল্টে যায়।
 
এইউডব্লিউর কাউন্সিল অব প্যাট্রনসে লরা বুশ ছাড়াও অন্যান্যদের মধ্যে আছেন জাপানের ফার্স্ট লেডি আকি আবে,  ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনো, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভ, হংকংয়ের সাবেক চিফ সেক্রেটারি আনসোন চ্যান, ডেনমার্কের সাবেক পরিবেশ মন্ত্রী লোন ডিবকাজের, গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গ ও শ্রীলংকার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েবে কুমারাতুঙ্গা।