শেষ হচ্ছে আজ বঙ্গবন্ধু ওপেন গলফ
স্পোর্টস রিপোর্টার
এশিয়ান ট্যুর বঙ্গবন্ধু ওপেন গলফের আজ শেষ দিন। কুর্মিটোলা গলফ কোর্সে আজ বাংলাদেশের গলফারদের জন্য শেষ চেষ্টা। শেষ দিনটা কেমন যাবে তা বলা কঠিন। তবে বাংলাদেশের আইকন গলফার সিদ্দিকুর রহমান কিছু একটা ভালো করতে চান।
গতকাল তৃতীয় দিন শেষে এমন কথাই বলেছেন সিদ্দিকুর। প্রথম দিনের দুই রাউন্ডে যেমনটা খেলেছিলেন তা ধরে রাখার চেষ্টা করছেন এবং আরো ভালো কিছু করার কথা মাথায় রাখছেন। গতকাল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন। ভালো কথা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে বোগি করেছিলেন সেটা কাল তৃতীয় রাউন্ডে করেননি। তিন রাউন্ড শেষে পারের চেয়ে ১১ শট কম খেলা সিদ্দিকুর অস্ট্রেলিয়া এবং ভারতের দুই গলফার যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন। এখনও শীর্ষে রয়েছে ১৮ শট কম খেলা থাইল্যান্ডের সাদোম কায়েওকাঞ্জনা।
২০ বছর বয়সি এই তরুণ গলফার নিজের অবস্থান ধরে রেখেছেন। অলৌকিক কিছু না ঘটলে তাকে টপকে যাওয়া কঠিন। তারপরও সিদ্দিকুর রহমান আশা ছাড়ছেন না।
গতকাল খেলা শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি আজ লিডারবোর্ডে নিজের অবস্থান ছাড়িয়ে যাবেন। সেই চেষ্টাই করবেন। সিদ্দিকুর ছাড়াও লড়াই করে যাচ্ছেন আরেক গলফার আকবর হোসেন। আছেন সেরা দশে। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেন, সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে আকবর যৌথভাবে সপ্তম স্থানে আছেন।
লিডারবোর্ডে নিজের অবস্থান নিয়ে ভাবছেন না আকবর, ‘আমার কোনো চাপ নেই। পেশাদার গলফে মাত্র এক বছর হয়েছে আমার। প্রথম এশিয়ান ট্যুরে খেলছি। আমি এখানে চ্যাম্পিয়ন বা রানারআপ হতে আসিনি। পারের চেয়ে কম শট খেলতে পারাটাই আমার লক্ষ্য।’ সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের সমাপ্তি আজ বিকালে।
