লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৭, ২১:২৫
 
নড়াইলের চাপুলিয়া গ্রামে শনিবার সকালে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে আব্দুল গফফার শেখ (৪৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আব্দুল গফফারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
 
এলাকাবাসী জানায়, গত শনিবার সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের কৃষক আব্দুল গফফার শেখের ক্ষেতের পাট খায় প্রতিবেশী রমজান আলীর ছাগলে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রমজান আলীসহ তার সমর্থিতরা আব্দুল গফফারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। গ্রামের লোকজন আহত গফফার শেখকে প্রথমে লোহাগড়া এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/জামান