সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের সৈয়দপুর আদর্শ নিম্ন-মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি সেমিপাকা টিনের ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। জানা যায়, গত রবিবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামের উপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। এতে বিদ্যালয়ের ২০ হাত লম্বা একটি টিনের সেমিপাকা ঘর ভেঙে পড়ে। প্রধান শিক্ষক রাবেয়া বসরী জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে কোনো পাকা ভবন নেই। প্রতিষ্ঠাকালে তিনটি টিনের সেমিপাকা ঘর নির্মাণ করে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়। অদ্যাবধি ওই তিনটি ঘরেই শিক্ষার্থীদের পাঠদানসহ অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু রবিবারের ঝড়ে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পাঠদানে ব্যবহূত ঘরটি ভেঙে পড়ায় পাঠদান চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অষ্টম শ্রেণির ছাত্রী জেরিন আক্তার বলে, ঝড়ে আমাদের পাঠদানের একমাত্র ঘর ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। ঝড়-বৃষ্টির মৌসুমে খোলা আকাশের নিচে ক্লাস করা ঝুঁকিপূর্ণ। ফলে অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে নিয়মিত আসছে না।
