পাটগ্রামে গাছ পড়ে মন্দির তছনছ পূজা-অর্চনা বন্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩৫

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামের টেপুরগাড়ী কাউয়ামারী সর্বজনীন হরি ও দুর্গা মন্দিরের উপর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাছ ধসে পড়ে মন্দির ভেঙে মাটিতে মিশে গেছে। এত গত দুই সপ্তাহ ধরে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করতে পারছেন না।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, সম্প্র্রতি মন্দির সংলগ্ন পুরাতন পাকুড়ি গাছের ভিতরের অংশে আগুন লাগে। দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই গাছটির অর্ধেক অংশ মন্দিরের উপর ভেঙে পড়ে। এতে মুহূর্তেই মন্দিরটি চুরমার হয়ে মাটির সঙ্গে মিলে যায়।

মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায় জানান, মন্দিরটি নিঃশেষ হওয়ায় বর্তমানে চরম হতাশায় পড়েছি।

পূজা উদযাপন কমিটির সভাপতি শতীষ চন্দ্র রায় ও সম্পাদক সরেন্দ্র নাথ রায় বলেন, সর্বজনীন হরি ও দুর্গা মন্দিরটিতে প্রতিবছর দুর্গা, অষ্ট প্রহরসহ বিভিন্ন পূজার আয়োজন করি। মন্দিরটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাছ পড়ে ভেঙে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছি। সকাল-সন্ধ্যায় পূজা অর্চনা বন্ধ রয়েছে। মন্দিরটি নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম জানান, মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের জন্য মন্দির কমিটিকে নগদ কিছু সহায়তা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।