শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দু‘পক্ষের কয়েক দফা সংঘর্ষে চার ছাত্রলীগ কর্মী আহত হন। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই সংঘষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাইম, ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ও সীমান্ত। চারজনই সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী হিসেবে পরিচিত। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ধূমপান করা নিয়ে ইমরান গ্রুপের অনুসারী সাজ্জাদ ও তন্ময়ের সঙ্গে সবুজ গ্রুপের অনুসারী মনিরুজ্জামান মনিরের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মনিরের সঙ্গে থাকা কর্মীরা তন্ময়কে মারধর করলে উভয়পক্ষ সংঘর্ষ বাঁধে। পরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সবুজের অনুসারীরা শাহপরাণ হলে গিয়ে ইমরানের গ্রুপের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কক্ষ ও দুটি মোটরসাইকেল ভাংচুর করে। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ জানান, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়েছে। প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই
