১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিপত্র ও গেজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উক্ত পরীক্ষায় উত্তীর্ণরা। রবিবার সকাল ১০ টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তারা এই মানববন্ধন করে। মানববন্ধনে প্রায় তিন শতাধিক উত্তীর্ণ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১৩তম নিবন্ধনে উত্তীর্ণ শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, এনটিআরসিএ ১৩তম নিবন্ধন পরীক্ষা নিয়েছে। এক থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় শুধুমাত্র প্রিলি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ১৩তম নিবন্ধনে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তারা আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলে পরীক্ষা নেয়। কিন্তু এখন তারা পুনরায় পরীক্ষা নিবে বলে জানানো হয়। এটা ১৩তম পরীক্ষার সার্কুলারের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য আমরা ১৩তম দের একক নিয়োগের দাবি জানাই।
তানিয়া আক্তার নামের একজন বলেন, ১৩তম নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ হয়েও আমরা নিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তিনি দাবি বাস্তাবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তমদের দ্রুত একক নিয়োগ দেওয়ার অনুরোধ করে বলেন, শূন্য আসনের বিপরীতে আমাদের টিকানো হয়েছে। এনটিআরসিএ এর পরিপত্র ও গেজেটে বলা ছিলো শূন্য আসনের বিপরীতে প্রার্থী টিকানো হবে, যা পরিপত্রে ১০ নম্বর অনুচ্ছেদের (ঝ) এ উল্লেখ আছে।
মানববন্ধনে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করা হয়। এতে লেখা ছিলো-ভাইবা দিয়ে চাকরি নাই, ইতিহাসে কোথাও নাই; ভাইভায় উত্তীর্ণ হয়েছি, তাই আমরা নিয়োগ চাই; ১৩তম দের একক নিয়োগ চাই। মানববন্ধন শেষে দাবির পক্ষে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।
ইত্তেফাক/কেকে
