বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:০৮
সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেদ (২৫) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টা ১০ মিনেটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দোলাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। 
 
ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আজিজার রহমান জানান, নিহত দুই ভাই তার আপন শ্যালক। অনাবৃষ্টির কারণে আমন ধানের চারা রোপণে তারা দিনভর দোলাবাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগে সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও বলেন, তার ছোট শ্যালক আব্দুল খালেক সেচ পাম্পটি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকারে বড় ভাই আব্দুল মালেক ছোট ভাইকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
 
রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কিশোরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের ইনচার্জ কামাল আহমেদ বলেন, দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। 
 
থানার ওসি বজলুর রশীদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই