চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইসএসসি পরীক্ষায় এবারের পাসের হার ৬১ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বিজ্ঞানে পাসের হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ ও মানবিকে পাশের হার ৪৭ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী।
গত বছর এইসএসসি পরীক্ষায় এই বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ। এবার গতবারের চেয়ে ৩ দশমিক ৫১ শতাংশ কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর যেখানে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৮৬২ জন কম।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ২৩৮টি কলেজের ৮২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৪১ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪১ হাজার ২৬১ জন ছাত্রী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ১৭ হাজার ৩০৮ শিক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ২৮৭ জন শিক্ষার্থী ও মানবিক বিভাগ থেকে ৩১ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আর সব বিভাগ মিলিয়ে পাস করেছে ৫০ হাজার ৩৪৭ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, নতুন নম্বর বন্টনে রচনামূলক প্রশ্নে ২টি পত্রে নম্বর কমায় ফলাফলে প্রভাব পড়েছে। পাশাপাশি আইসিটি, তথ্য প্রযুক্তি ও ইংরেজি বিষয় এবং মানবিকে পরীক্ষার্থীদের পাসের হার কমায় তা মূল পাসের হারে প্রভাব ফেলেছে।
ইত্তেফাক/ইউবি
