যশোর বোর্ড এবারও দেশসেরা

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৯:০৫
 
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ড এবারও দেশসেরা হয়েছে। তবে সারাদেশের তুলনায় ভালো করলেও গতবছরের চেয়ে পিঁছিয়েছে। গতবছর এই বোর্ড ৮৩ দশমিক ৪২ ভাগ পাশের হার নিয়ে দেশসেরা হয়েছিল। এ বছর এই পাশের হার ৭০ দশমিক ০২ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিও কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
 
এবছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৪৭জন পরীক্ষার্থী। এ সংখ্যা গতবছর ছিল ৪ হাজার ৫৮৬। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল জানান।
 
এবছর যশোর বোর্ড থেকে ৯৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭ হাজার দু্ইজন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৮০৮ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৯৪ জন। পাশের হার ৭০ দশমিক ২। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৪৭ জন। বহিষ্কৃত হয়েছে ৫৬ জন।
 
২০১৫ সালে এই বোর্ডে ১ লাখ ১৪ হাজার ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ৫৩ হাজার ২৩৪ জন। এদের মধ্যে ছাত্র ছিল ২৭ হাজার ১৩৬ ও ছাত্রী ছিল ২৬ হাজার ৯৮। পাশের হার মাত্র ছিল ৪৬ দশমিক ৫৯। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯৪৫ জন। পরীক্ষায় বহিস্কৃত হয়েছিল ১২৯ জন।
 
এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ২০১৫ সালে ফল বিপর্যয়ের কারণে গতবছর অনেক শিক্ষার্থী একটি বিষয়ে পরীক্ষা দিয়েছিল। এই অনিয়মিত শিক্ষার্থীদের ফলাফলের কারণে গতবছর পাসের হার অনেক বেশি ছিল। বিপরীতে গতবছর অনুত্তীর্ণের হার কম থাকায় এবার অনিয়মিত পরীক্ষার্থী কম ছিল। এজন্য গতবছরের তুলনায় পাশের হার কিছুটা কম।
 
ইত্তেফাক/জামান