সৈয়দপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গণবিজ্ঞপ্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৩৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। দখলদাররা সরে না গেলে আজ শনিবার থেকে লাগাতার অভিযান চলবে বলে ওই ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সৈয়দপুরে সড়ক ও ফুটপাত দখলের হিড়িক পড়েছে। দোকানের সামনে ফুটপাত এমনকি সড়কের অনেকটা জুড়ে দখল করে এতে পণ্য সাজিয়ে রাখছেন দোকানিরা। ফলে যানবাহন ও পথচারী চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা করছে নাগরিক সমাজ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জানান, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই মধ্যেই প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে পণ্য সরিয়ে নিতে হবে। অন্যথায় শনিবার থেকে চলবে লাগাতার অভিযান। পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।