রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গত শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বধ্যভূমি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার এই দুইজন হলেন, সোহেব শেখ ওরফে সোয়াইব (৩১) ও রফিকুল ইসলাম ওরফে রফিক (৩০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও একটি চাপাতি জব্দ করা হয়। তারা দুজনই তেঁজগাও শিল্পাঞ্চল থানায় গত ৩১ মে দায়ের করা একটি মামলার (মামলা নং -৪০) এজাহারভুক্ত আসামি।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ীই গাজীপুর এলাকা থেকে গত ২৩ জুন দুইজন এবং ৩০ জুন আরো দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে শনিবার রাতে সোয়াইব ও রফিকুলকে গ্রেফতার করা হয়।
সিনিয়র এএসপি রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত এদুজন র্যাবকে জানিয়েছে ২০১৬ সালে জেএমবি নেতা ইয়াছিন এবং সিফাত গ্রেফতার হওয়ার পর তাদের স্থলাভিষিক্ত হন সোয়াইব। তার নেতৃত্বে জেএমবির একটি গ্রুপ এলাকাভিক্তিক ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সদস্য ও অর্থ সংগ্রহ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা পীর, মাজার ও ‘ইসলাম পরিপন্থী’ বক্তাদের হত্যার পরিকল্পনা এবং বোমা তৈরির প্রক্রিয়ায় একে অপরের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতো। অপর দিকে রফিকুল জেএমবির উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশনা অনুযায়ী সদস্য ও অর্থ সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।
ইত্তেফাক/এএম।
