রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সহ সব চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে।
রবিবার বেলা ১১টায় উল্লেখিত তিন বিভাগের প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের প্রধানের সাথে এক মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব এ তথ্য জানান।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সভা কক্ষে 'রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের বাস্তবায়ন এবং উন্নয়নে সুচিন্তিত মতামত প্রদান' শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব। সভায় রামেক অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুস সোবহানসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপাচার্য ডা. মাসুম হাবিব রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, কাজের অগ্রগতি ও পরবর্তী কর্ম-পরিকল্পনার উপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ও চিকিৎসা সেবায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। আর এতে সব শ্রেণিপেশার মানুষের সরাসরি সম্পৃক্ততা চান তিনি।
ইত্তেফাক/জামান
