বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে নার্গিস বেগম (২৩) নামে এক গৃহবধূকে তার স্বামী শামিম হোসেন এনার্জি ড্রিঙ্কসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে মেয়ের পরিবার। শুক্রবার সকালে তার বাবার বাড়ি কুজাইল গ্রামে তার মৃত্যু হয়। নার্গিস ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং পার্শ্ববর্তী মনপিড়িত গ্রামের শামিম হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী শামিম হোসেন পলাতক রয়েছেন। নিহতের বাবা আব্দুল কাদের বলেন, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
