তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালায় পেঁয়াজ ভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, ট্রাক ড্রাইভার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল। এ সময় ট্রাকে বিপুল পরিমাণ ফেন্সিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার ধলবাড়িয়া নামকস্থানে পুলিশ তল্লাশি চালায়। পরে ট্রাকের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
