চাটমোহর (পাবনা) সংবাদদাতা
ইসলামী জলসা শুনে বাড়ি ফেরার পথে স্কুল পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। তবে ধর্ষককে চিনতে পারেনি ওই স্কুলছাত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে গুনাইগাছা গ্রামে চম্পাবিদ বাগে জান্নাত গোরস্থানের ইসলামী জলসা হচ্ছিলো। সেখানে ওই স্কুল ছাত্রীর মামা খাবারের দোকান দিয়েছিলেন। রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী জলসা শোনার পর মামার দোকান থেকে খাবার নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক যুবক তার মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। এরপর বুধবার সকালে রক্তক্ষরণ শুরু হলে প্রথমে চাটমোহর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর হাসপাতালের গাইনি চিকিত্সক শিউলী রানী সাহা জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
