সাংবাদিকদের হুমকি দিলেন কুবি ছাত্রলীগ নেতা

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:৫২
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সাংবাদিকদের উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য প্রদান করেন। রবিবার রাতে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি সাংবাদিক ও শিক্ষক সমিতিকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
 
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমিতির তথ্য ও পাঠাগার সম্পাদক তানভীর সাবিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়ে ও সম্মেলনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সাংবাদিক সমিতি।
 
ছাত্রলীগের অফিস উদ্বোধনের সংবাদ পরিবেশন না করায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বক্তব্য প্রদান করেন ঐ ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নিয়ে নাড়াচাড়া করলে সাংবাদিকদের প্রতিহত করার হুমকিমূলক বক্তব্য প্রদান করেন তিনি।
 
বিষয়টি নিয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি।
 
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোগাহ মুঠোফোনে দৈনিক ইত্তেফাককে বলেন, ‘সাংবাদিক আমাদের ঘনিষ্ঠজন, তারা আমাদের বন্ধু। তার এরূপ বক্তব্য দেয়া উচিত হয়নি। সে অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
 
এদিকে কমিটিতে আসার পরপরই ছাত্রলীগ নেতা মাজেদ ও তার অনুসারী শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদি বিভিন্ন সময়ে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সাংবাদিকদের মারধরের হুমকি ও ফেসবুকে বিদ্রূপাত্মক মন্তব্য করে আসছেন বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআর