মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
মিরপুরের পৌর এলাকায় সানজিদা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদার মা-বাবার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের ডাবের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শাশুড়ী খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুরে এই ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, নিহত সানজিদার বাবা সাইদুল ইসলাম থানায় অভিযোগ করেন সানজিদাকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সানজিদার শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সানজিদার শাশুড়ি খাদিজা বেগমকে আটক করা হয়েছে। সানজিদার স্বামী ট্রাক চালক খোকন পলাতক রয়েছে।
নিহত সানজিদার বাবা সাইদুল ইসলাম জানান, শুক্রবার সকালে সানজিদাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের ১ লাখ টাকা আনতে বলে, সে অপারগতা জানালে সানজিদাকে পিটিয়ে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকজন।
