ডিএসসিসি’র ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:১০
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সম্মেলন কক্ষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সোমবার এ বাজেট ঘোষণা করেন।
 
এ অর্থবছরে নিজস্ব উত্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা। এরমধ্যে রেটস এন্ড ট্যাক্স বাবদ বকেয়াসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে ডিএসসিসি’র বাজেট ছিল ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা। গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৭৮৮ কোটি ৭৭ লাখ টাকা।
 
মেয়র তার বাজেট বক্তৃতায় বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে নিজস্ব আয়ের অন্যতম খাত বাজার সেলামী। বাজার সেলামি বাবদ আয় ধরা হয়েছে ৩১৩ কোটি টাকা ও বাজার ভাড়া বাবদ ৩০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৭০ কোটি টাকা, রিক্সার লাইসেন্স ফি বাবদ ৩ কোটি ৬০ লাখ টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ৬৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে।
 
এছাড়া রাস্তা খনন ফি বাবদ ২৫ কোটি টাকা, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ১০ কোটি ১ লাখ টাকা, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৪ কোটি টাকা, যন্ত্রপাতি ভাড়া বাবদ ৫ কোটি টাকা, শিশু পার্ক থেকে ৫ কোটি টাকা, কমিউনিটি সেন্টার ভাড়া বাবদ ২ কোটি টাকা, বিজ্ঞাপন কর বাবদ ৩ কোটি টাকা, ক্ষতিপূরণ (অকট্রয়) বাবদ ১ কোটি টাকা এবং পেট্রোল পাম্প বাবদ ২ কোটি টাকা আয় হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
 
বাজেট ঘোষণার সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।