দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত
দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা শুক্রবার সকালে দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। সে হচ্ছে দেবীগঞ্জ কলেজপাড়া গ্রামের দেবীগঞ্জ সরকারি কলেজের পদার্থবিদ্যার সিনিয়র প্রভাষক মশিউর রহমানের ছেলে সিদরাতুল মুকিত(১২)।স্থানীয়রা জানান, মুকিত বাসা থেকে সাইকেল চালিয়ে দেবীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলা পরিষদ গেটের সামনের পাকা রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোদাগামী একটি চলন্ত ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ. জুয়েনা আজিজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত শেষে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, গোপালগঞ্জ শিশু পরিবার পরিদর্শন করেন। বিকেলে সচিব গোপালগঞ্জ সার্কিট হাউসে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও হেয়ারএইড বিতরণ করেন।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে
কোটালীপাড়ায় মিনি ম্যারাথন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কোটালীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ডিএমপির এডিসি নিশাত রহমান মিথুনের সহযোগিতায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় উপজেলার নাগরা বাসস্টান্ড থেকে শুরু হয়ে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ করতালির মাধ্যমে প্রতিযোগিদের স্বাগত জানায়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনশত প্রতিযোগী এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ম্যারাথন দৌড়ে আমিন খান, মেহেদী হাসান, তরিকুল ইসলাম পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।
আগৈলঝাড়ায় অপহূত স্কুলছাত্রী উদ্ধার
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়ায় অপহরণের তিন দিন পর অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরককে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার সেরাল গ্রামের সরফুদ্দিন হাওলাদারের মেয়ে ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রীকে(১৬) গত ১ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করে উত্তর পতিহার গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে আরিফ সরদার। এ ব্যাপারে অপহূতর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কোটালীপাড়ায় তিন ওষুধের দোকানকে জরিমানা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা বৃহস্পতিবার কোটালীপাড়ায় তিনটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। সহকারী পরিচালক শামীম হাসান জানান, অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে উপজেলার সিকির বাজার এলাকার গৌতম মেডিক্যাল হলকে পাঁচ হাজার, মেসার্স বাংলাদেশ মেডিক্যালকে পাঁচ হাজার ও পদ্মা মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোপালগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত আইজিপি (এডমিন অ্যান্ড অপস্) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) বার, অতিরিক্ত ডিআইজি আক্কাছউদ্দিন ভুইয়া, প্রবীণ চিকিত্সক ও সমাজ সেবক ডা. এমএ হামিদ খান, পুলিশ সুপার একেএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।
আদমদীঘিতে ভূমিহীনদের মধ্যে বসতবাড়ি হস্তান্তর
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে হনুমানদীঘির পাড়ে সরকারি খরচে আরো ৪০টি বসতবাড়ি নির্মাণের পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে ৪০টি ভূমিহীন পরিবারের মাঝে বুঝিয়ে দেয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোরে বর্ষবরণ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলা ১৪২৬ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো.গোলাম রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
সোনাতলায় স্কাউট সদস্যদের ভূমি বিষয়ক কর্মশালা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় উপজেলা স্কাউট সদস্যদের অংশগ্রহণে ভূমিবিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার ১১০ জন স্কাউট কর্মশালায় অংশগ্রহণ করে। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম।
শৈলকুপায় বিনামূল্যে চিকিত্সাসেবা ক্যাম্প
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে চিকিত্সা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পের এলাকার প্রায় এক হাজার রোগীকে চিকিত্সা দেওয়া হয়। শুক্রবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার টংবিলা গ্রামের শ্রী শ্রী গৌর গোবিন্দ মঠ ও মিশন কমিটি এ ক্যাম্পের আয়োজন করে। চিকিত্সাসেবা প্রদান করেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউটের আটজন চিকিত্সক। আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৯’ শুরু
রাবি সংবাদদাতা বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৯’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (আরইউডিএস) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতর্ক বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
কাবাডি প্রতিযোগিতায় লালমোহন চ্যাম্পিয়ন
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলায় স্বাধীনতা ও জাতীয় দিবস জেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা এরফাইনাল খেলায় লালমোহন চ্যাম্পিয়ন ও ভোলা সদর উপজেলা রানার্সআপ হয়েছে। শুক্রবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়িতে ভূয়া চিকিত্সকের দণ্ড
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা শুক্রবার বিকালে ফুলবাড়িতে এক ভুয়া চিকিত্সককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় ডক্টরস্ পয়েন্ট এন্ড চৌধুরী ডায়াগনোস্টিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোরাইপ্রু মারমা অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিত্সক নূর আলম চৌধুরী জয়কে ওই দণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোরাইপ্রু মারমা বলেন, নূর আলম চৌধুরী জয় দীর্ঘ চার বছর যাবত ভূয়া কাগজপত্র দেখিয়ে ডাক্তারের পরিচয় দিয়ে আসছিলেন। ওইদিন আটকের পর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ময়মনসিংহ প্রতিনিধি শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ।
রাণীনগরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে ন্যাশন্যাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) প্রকল্পের আওতায় সিআইজি কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬৩ জন সিআইজি (কমোন ইন্টারেস্ট গ্রুপ) কৃষকরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উত্পাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম।
মুরাদনগরে সংসদ সদস্যের সঙ্গে কৃষকদের মতবিনিময়
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর উপজেলায় কৃষি ব্যবস্থাকে কৃষকবান্ধব করে গড়ে তুলতে করণীয় বিষয়ে সংসদ সদস্যের সাথে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএকে সংবর্ধনা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
লোহাগাড়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়া উপজেলার পদুয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চট্টগ্রাম বন বিভাগের পক্ষ থেকে প্রতিজনকে এক লাখ ৫০ হাজার টাকা করে এ চেক বিতরণ করা হয়। পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফাহিম মাসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
কসবায় বিজনা নদী পুনঃখনন উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কসবার বিজনা নদী পুনঃখনন উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা পৌর মুক্তমঞ্চে জনসচেতনামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহীন জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল।
