পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মাগুরা পৌরসভার ভায়না, শান্তিবাগ, দোয়ারপাড়, কলেজপাড়া, কারিকরপাড়া, শিবরামপুর, সাহাপাড়া, নান্দুয়ালীসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পর্যাপ্ত ড্রেনের অভাব, বিদ্যমান ড্রেনগুলো ময়লায় ভরে যাওয়াসহ নানা কারণকে দায়ী করেছে এলাকাবাসী।
শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, বৃষ্টিতে তার বাড়িতে যাওয়ার রাস্তাটি ডুবে গেছে। রাস্তায় চলতে এখন খানাখন্দে পড়ে হাত-পা ভাঙ্গার উপক্রম হয়েছে।
নান্দুয়ালী এলাকার বাবুল শেখ জানান, ‘বৃষ্টির পানি বের হওয়ার রাস্তা না থাকায় আমাদের বাড়ির উঠান ও রাস্তা সব পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর নিজে এসে নালি কেটে পানি বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন। প্রতি বছরই এ অবস্থা চলে। কিন্তু ভালো ড্রেন না থাকলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব না।
মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক জানান, পৌরসভার বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থায় পুরো এলাকার পানি নিষ্কাশন সম্ভব না। এজন্য মাস্টারপ্লানের সাথে ৫০ কিলোমিটার ড্রেন তৈরির পরিকল্পনা দেয়া আছে। এর মধ্যে ১৫ কিলোমিটার প্রাইমারি ও ৩৫ কিলোমিটার সেকেন্ডারি ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে পৌরসভার জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।
ইত্তেফাক/নূহু
