মহিলাদের একটি সমস্যা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৫১

মহিলাদের মাসিক নিয়ে অনেক ভুল ধারণা আমাদের দেশে প্রচলিত। এর মূল কারণ যথাযথ যৌন শিক্ষার অভাব। মাসিকের সময় প্রায় সব মেয়েরই অল্পস্বল্প পেটে ব্যথা হতে পারে। কিন্তু কারো কারো অনেক বেশি হয়। মাঝে মাঝে এত বেশি ব্যথা হয় যে স্কুল-কলেজ বা অফিসেও যাওয়া সম্ভব হয় না। ব্যথার কারণে দৈনিক কাজ-কর্ম করা যায় না। স্কুল-কলেজের যাওয়া মেয়েদের এই সমস্যা বেশি হয়। জরায়ুতে সমস্যা থাকলে মাসিকের সময় ব্যথা হতে পারে। মানসিক চাপ এবং ডিম্বশয়ে চকলেট সিস্ট থাকলে মাসিকের সময় ব্যথা হতে পারে। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ও জন্মগত জরায়ুর ত্রুটির কারণেও ব্যথা হতে পারে। তাই ব্যথা হলে ব্যথার ওষুধ না খেয়ে ব্যথার কারণ নির্ণয় করা উচিত। মাসিকের সময় ব্যথার কারণে অনেকের মাথা ব্যথা, কোমরব্যথা, বমির ভাব, অস্বস্তি এবং বমিও হতে পারে। মাসের সময় হাল্কা ব্যায়াম করা যেতে পারে। এতে ব্যথার তীব্রতা কমে আসে। তবে ভারী ব্যায়াম করা যাবে না। এসময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত। চিকিত্সকের পরামর্শে ব্যথা কমানোর ওষুধ খাওয়া যেতে পারে। মাসিকের সময় মানসিক চাপ বাড়ে। কাছের মানুষকে এই সময় চাপমুক্ত রাখার ব্যাপারে চেষ্টা করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই সময়। তলপেটে গরম সেঁক দিলে অনেকেই উপকার পান। জরায়ুর সমস্যায় অপারেশন করলে এই সমস্যা অনেক কমতে পারে। মাসিকের সময় ব্যথা খুব পরিচিত সমস্যা। তাই লজ্জায় অনেকেই এই সমস্যা বলতে পারেন না। আশা করি সবাই সচেতন হবেন। এই সমস্যা হলে চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।

 

¡ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল

মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল