বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজ প্রচারের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রচার সেলের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া ভবনে এটির উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।
প্রচার সেলের আহবায়ক ও গণিত বিভাগের প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়।
প্রচার সেলের সদস্য সচিব ও রসায়ন বিভাগের প্রভাষক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রভাষক অবিনাশ চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
