পালোমা সান্তোষ যেভাবে ইউটিউবে তারকা বনে গেলেন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৫৩

 বিবিসি

ব্রাজিলের ছোট্ট শহরের এক তরুণী রাতারাতি ইউটিউবে তারকা বনে গেলেন। এক সময় তিনি এটাও জানতেন না যে, কিভাবে মেকআপ দিতে হয়।  কিন্তু এখন তার ইউটিউব চ্যানেলে (পালোমা সিপ্রিয়ানো) মোট সাবস্ক্রাইবার ছয় লাখ ২৫ হাজার।

পালোমা সান্তোষ নামে ওই তরুণীর আলোচনার বিষয় বিভিন্ন ধরনের নির্মাণকাজ। তিনি ব্রাজিলের একমাত্র নারী যিনি নির্মাণ বিষয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। মূলত মা আইভনির পরামর্শেই পালোমা তার মূল পরিকল্পনা পরিবর্তন করে নিজের ইউটিউব চ্যানেলের জন্য এমন একটি ভিন্ন বিষয়বস্তুকে বেছে নেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম নিজের মেঝের টাইলস বসানোর একটি ভিডিও আপলোড করবো।  প্রথমে আইডিয়াটি আমার ভালো লাগেনি। কিন্তু তারপরও আমি তা পোস্ট করেছিলাম।’ এরপর থেকেই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার সবচেয়ে জনপ্রিয় ভিডিও এখন পর্যন্ত ৭৫ লাখ বার দেখা হয়েছে। ওই ভিডিও টিউটোরিয়ালে তিনি দেখিয়েছেন কিভাবে একটি দেয়ালে প্লাস্টার করতে হয়। নির্মাণ শিল্প কেন্দ্রিক ইউটিউব চ্যানেলের হিসেবে ব্রাজিলের অন্য যেকোনো চ্যানেলের তুলনায় পালোমা অনেক বেশি অনুসারী অর্জন করতে সক্ষম হয়েছেন।

তার ইনস্টাগ্রামেও ফলোয়ারের সংখ্যা ৪৫ হাজারেও বেশি। তার চ্যানেলে অন্যান্য ভিডিও ধাপে ধাপে ডিআইওয়াই (ডু ইট ইওরসেল্ফ) অর্থাত্ যেকোনো কাজ নিজে করার মতো উপায় দেখানো হয়। এর মধ্যে রয়েছে মেঝেতে টাইলস বসানো, পানির কল ফিট করা এমনকি কি করে একটি দেয়াল তুলতে হয় সেটাও। পালোমার এই ভিডিওগুলো বেশ সোজাসাপ্টা আর সহজ নির্দেশাবলি সম্পন্ন। পালোমা তীব্র প্রয়োজনীয়তা থেকেই  বিভিন্ন নির্মাণকাজ শিখতে শুরু করেন। একদিন পালোমা ও তার মা আইভোনেকে নিজেদের দুই রুমের বাড়িটি বর্ধিত করার কাজ করতে হয়েছিল। কারণ শ্রমিকদের দিয়ে করানোর মতো অর্থ তাদের কাছে ছিল না। পরে মায়ের বান্ধবীরা তাকে রোজগারের একটি পথ দেখিয়ে দেন। আর পালোমা সেই পথে এগিয়ে ধীরে ধীরে সফলতা পান।

এই নির্মাণ শিল্প বিষয়ে জানার প্রয়োজনীয়তা থেকেই ২০১৩ সালে একটি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন তিনি। তবে ইউটিউব চ্যানেলে নিজের সমস্ত সময় উত্সর্গ করার জন্য প্রথম সেমিস্টারেই তিনি ঝরে পড়েন। পালোমা বিশ্বাস করেন যে, তিনি নিজের বাড়ির উন্নয়নের কাজ নিজে করার মাধ্যমে প্রায় ৭০০০ ডলার সঞ্চয় করতে পেরেছেন। আইএলও এর পরিসংখ্যান অনুযায়ী  ব্রাজিলের নির্মাণকাজে নিয়োজিত কর্মীদের মধ্যে কেবলমাত্র ৩.২% নারী। তাই পুরুষ আধিপত্যের এই সেক্টরে পালোমার বিরল সফলতায় প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন তার মা আইভোনে।