টাঙ্গাইলে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৭:০৯
টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তার স্ত্রী কল্পনা রানী দাসের (৫৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের উভয়ের গলায় দড়ি এবং পায়ে ইট বাধা ছিল। 
 
টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোবিন্দ চন্দ পাল জানান, দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধে হত্যার পর বাড়ির সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় বাছিরুন নেসা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস দম্পতির এক পুত্র সন্তান ঢাকায় এবং কন্যা দেশের বাইরে থাকেন। তারা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকতেন। তিনি কয়েকদিন ধরে বাড়ির সংস্কারের কাজ করাছিলেন। সকালে শ্রমিকরা কাজে এসে বাড়ির গেট ও ঘরের দরজা খোলা দেখে তাদের না পেয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সেপটিক ট্যাঙ্কে তাদের মৃতদেহ দেখতে পান। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি