ঘুষের টাকাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আটক

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৮:২৬
ময়মনসিংহের ত্রিশালে ঘুষের টাকাসহ হাতেনাতে দুদকের হাতে আটক হয়েছেন ত্রিশাল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন (৪৭)। 
 
বৃহস্পতিবার দুপুরে হাতেনাতে আটকের পর তাকে ত্রিশাল থানায় সোপর্দ করা হয়। ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে হেলালকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
 
জানা গেছে, ত্রিশাল বাজার হিন্দু পল্লীর জনৈক অজয় চন্দ্র রায় গত ২৮ জুন নামজারীর জন্য আবেদন করেন। এ সময় সহকারী ভূমি কর্মকর্তা হেলাল বিভিন্ন খরচের কথা বলে এক হাজার তিনশ টাকা গ্রহণ করেন। পরে অভিযোগকারী অজয় তার কর্মস্থল গাইবান্ধা চলে যান। কর্মস্থল দূরে হওয়ায় এ বিষয়ে নিয়মিত খোঁজ নিতে স্থানীয় তপু রায়কে প্রতিনিধি করা হয়। সকল কাগজপত্র সঠিক থাকার পরও ভূমি সহকারী কর্মকর্তা হেলাল তপুর কাছে আরো চার হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় হেলাল নামজারীর প্রস্তাব এসিল্যান্ড বরাবর প্রেরণ করেননি।
 
এরই প্রেক্ষিতে অজয় চন্দ্র রায় ২৫ জুলাই দুদক, ময়মনসিংহের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে দুদক কর্মকর্তারা ফাঁদ পেতে বৃহস্পতিবার ঘুষের চার হাজার এবং প্যান্টের অন্য পকেটে থাকা ২৬ হাজার ৯০০ টাকাসহ আটক করেন। পরে দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে এজাহার শেষে তাকে ত্রিশাল থানায় সোপর্দ করা হয়।
 
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান,হেলালকে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/ইউবি