রয়টার্স
ব্রুনাই সমকামিতা এবং ব্যাভিচারের জন্য পাথর ছুড়ে হত্যার মতো কঠোর ইসলামিক আইন বাস্তবায়ন করে মানবাধিকার লঙ্ঘন করছে বলে সমালোচনা করেছে জাতিসংঘ। গত বুধবার দেশটিতে সমকামিতা, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং ধর্ষণের জন্য ওই কঠোর ইসলামিক আইন চালু করা হয়। একইসঙ্গে চুরির জন্য অঙ্গচ্ছেদেরও শাস্তির বিধান চালু করা হয়।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব এন্তনিও গুতেরেস মনে করেন, যে কোনোখানে কোনোরকম বৈষম্য না করে প্রতিটি মানুষের জন্যই মানবাধিকার সমুন্নত রাখা উচিত। অনুমোদিত আইনটি এই নীতির স্পষ্ট লঙ্ঘন। প্রতিটি মানুষেরই স্বাধীনভাবে সমান মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইনানুযায়ী, যে কোনো পরিস্থিতিতে পাথর ছোড়া, অঙ্গচ্ছেদ অথবা বেত্রাঘাত, আইনি সংস্থাগুলোর হেফাজতে নিয়ে নির্যাতনসহ সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ। ব্রুনাই এতে স্বাক্ষর করলেও এখনো নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক শাস্তির ঘোষণাপত্র অনুমোদন করেনি।
