বিবিসি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্ট বিচারের জন্য উপযুক্ত কিনা সেজন্য তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ভয়াবহ ওই হামলার পর গতকাল দ্বিতীয়বারের মতো আদালতের মুখোমুখি করা হয় ব্রেন্টনকে। এ সময় আদালত তার বিরুদ্ধে পুলিশের করা ৮৯টি অভিযোগের ওপর প্রাথমিক শুনানি করে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ৫০টি খুনের অভিযোগ ও বাকিগুলো হত্যা চেষ্টার মামলা। বিচারক ক্যামেরন ম্যানডের বলেন, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলেই বুঝা যাবে ব্রেন্টন মানসিক ভারসাম্যহীন নাকি বিচারের মুখোমুখি হওয়ার জন্য উপযুক্ত। এসময় তিনি টারান্টের স্বাস্থ্য পরীক্ষার দুটি মূল্যায়ন প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ প্রদান করেন। ওইদিন ভিডিও লিঙ্কের মাধ্যমে কারাগার থেকে টারান্ট শুনানিতে অংশ নেয়। বিচারক, আইনজীবীদের পাশাপাশি এসময় আদালত কক্ষে হতাহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এ সময় বিচারকের সব কথা শুনলেও কারাগার থেকে কোনো মন্তব্য করেনি ব্রেন্টন।
স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টনের ভয়াবহ সন্ত্রাসী হামলায় গতমাসের ১৫ তারিখে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫০ জন মুসল্লি নিহত হন। এছাড়া এই ঘটনায় আহত হন আরো বহু মানুষ। ভয়াবহ ওই হামলার পরেরদিন আদালতে হাজির করা হয় ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টনকে। সে সময় তার বিরুদ্ধে একটিমাত্র হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল। পরে পুলিশ হতাহতদের হিসাব করে তার বিরুদ্ধে মোট ৮৯টি অভিযোগ দাখিল করে।
